মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে জিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে গোপালগঞ্জের হারটির শোধ নিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পর্বের খেলায় নিজেদের হোম ভেন্যুতে মোহামেডানকে ৪-১ গোলে নাস্তানাবুদ করেছিল মুক্তিযোদ্ধাদের দলটি।
পেশাদার লিগে এবারের আসরের প্রথম মোকাবেলায় ওই হারটির জন্য অনেক তোলপাড় হয়েছে মোহামেডান শিবিরে। সন্দেহ করে আট ফুটবলারকে শোকজ করেছিল মোহামেডান। ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানাকে সমালোচনা শুনতে হয়েছিল। ফুটবল কর্মকর্তারা মোহামেডানের ডিফেন্ডার ইয়াসিনকে একটু বেশি সন্দেহ করেছিলেন। কারণ হিসেবে বলা হয়েছিলম, এই ফুটবলার মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের ঘনিষ্ঠ। ইয়াসিনকে এমনকি বেশ কয়েকটি ম্যাচে খেলানো হয়নি।
গতকাল আবার সেই মুক্তিযোদ্ধার বিরুদ্ধেই খেলেছেন ইয়াসিন। ৬২ মিনিটের গোলটিতে জিতেছে মোহামেডান। ঘানাইয়ান মরিনসন মুক্তিযোদ্ধার দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্যাকপাস করে বল ঠেলে দেন মিডফিল্ডার মেজবাবুল হক মানিককে। তিনি গোলপোস্টে শট করার জন্য বল রিসিভ করেন। এই সময় মুক্তিযোদ্ধার দিদার বল ক্লিয়ার করতে শট করলে বল নিজেদের জালে ঢুকে যায় ১-০; কিন্তু রেফারি আব্দুল হান্নান মিরন সবাইকে অবাক করে গোলটি মরিসনের নামে দেন। আর মানিক বললেন, আমি শট করার আগেই বলে শট নেন মুক্তিযোদ্ধার দিদার।
মোহামেডান লিগের শেষ ম্যাচ খেলবে ফেনীতে সকার ক্লাবের বিরুদ্ধে। গতবারের লিগে মোহামেডান তৃতীয় স্থান পেয়েছিল। এবার তা হচ্ছে না। সকার ক্লাবের সাথে ম্যাচ জিতলে ২৭ পয়েন্ট হবে মোহামেডানের। তাতে চতুর্থ স্থান পাওয়াটা নিশ্চিত। কারণ বিজেএমসির অর্জন ১৪ খেলায় ২০ পয়েন্ট। তাদের আরো দুই ম্যাচ রয়েছে। জিতলে ২৭ পয়েন্ট হবে। সেই হিসাবে শেষ ম্যাচে মোহামেডানকে জিততেই হবে।
আজ থেকে ঢাকায় পেশাদার ফুটবল লিগের খেলা স্থগিত। বাংলাদেশ গেমস হবে এই মাঠে। তবে ১৩ এবং ১৯ এপ্রিল দুইটি ম্যাচ রয়েছে ফেনীতে।
