চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় ঘটেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার সম্ভাবনাও শেষ। এখন চেলসি’র আশা তাই ইউরোপা লিগ ও এফএ কাপকে ঘিরে। আর ইউরোপা লিগ জয় করতে পারলেই চেলসি হয়ে যাবে অনন্য এক রেকর্ডের অধিকারী। মাত্র চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান ফুটবলের প্রথম সারির তিনটি টুর্নামেন্টের সবগুলোর শিরোপা জয়ের হাতছানি এখন ব্লুজ দলের সামনে।
এ পর্যন্ত ইউরোপের ক্লাব টুর্নামেন্টের সবগুলো শীর্ষ প্রতিযোগিতার শিরোপা জয়ের নজীর রেখেছে তিনটি দল। দলগুলো হচ্ছে জুভেন্টাস, অ্যাজাক্স ও বায়ার্ন মিউনিখ। তিনটি দলই জয় করেছে চ্যাম্পিয়ন্স লিগ, কাপ ও উয়েফা কাপের শিরোপা। এখন চেলসির সামনেও সুযোগ এসেছে ইউরোর অভিজাত ওই ক্লাবে নাম লেখানোর। কারণ ইতোমধ্যে প্রথম লেগে নিজেদের মাঠে রুশ দলটিকে ৩-১ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে চেলসি।
ইংলিশ দলটির ব্রাজিলীয় মিডফিল্ডার রামিরেসও এ বিষয়ে একমত, ‘আমরা একটি ভাল লিড নিয়ে রেখেছি। আমরা এটিও জানি যে, নিজেদের মাঠের বাইরে গিয়ে লড়াই করাটা কতটুকু কঠিন হবে। তাই তিন গোল করে জয়লাভ করাটা আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ।’
২৬ বছর বয়সী ওই তারকা বলেন, ‘এটা ঠিক যে, আমরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই হতে চাই। কিন্তু এ পর্যায়ে এসে আমরা এই ট্রফিটাকেও হাতছাড়া করতে চাই না।’ তবে ইউরোপের দ্বিতীয় সারির ওই ম্যাচটি নিয়ে কিছুটা হাল্কা মনোভাব দেখা গেছে সতীর্থ নাইজেরীয় তারকা জন মাইকেল ওবির কণ্ঠে, ইউরোপা লিগকে আমি অসম্মান করছি না। তবে চ্যাম্পিয়ন্স লীগের বিষয়টি ভিন্ন।’
সামপ্রতিক সময়ের ইতিহাস অনুযায়ী আসন্ন ম্যাচে রাফায়েল বেনিতেজের শিষ্যদের পাল্লাই ভারি। রুবিনসহ রুশ দলের বিপক্ষে বিগত ৫ ম্যাচের সব কটিতেই জয়লাভ করেছে তারা।
এদিকে চেলসির লন্ডন প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের জন্য ইউরোপা লিগে এক প্রকার চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তারা বাসেল সফর করবেন সুইস শীর্ষ দলটির বিপক্ষে লড়ার জন্য। গত সপ্তাহে হোয়াইট হার্ট লেনে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়ার পর তারা ২-২ গোলে ড্র দিয়ে কোনরকমে শেষ করে ম্যাচটি।
অবশ্য আগের লেগের ওই ম্যাচে কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে বেকায়দায় ফেলেছিল ইনজুরি। ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিলেন দলের ত্রিমূর্তি গ্যারেথ বেল, অ্যারন লেনন ও উইলিয়াম গ্যালাস।
জানুয়ারিতে দলভুক্ত হওয়া লুইস হল্টবে অবশ্য দলকে শেষ চারে নিয়ে যাবার ব্যাপারে আত্মবিশ্বাসী। জার্মান ওই আন্তর্জাতিক তারকা বলেন, ‘নিজেদের চেয়ে বাইরে আমরা বেশি ভাল করি। চলতি মৌসুমে আমাদের কিছু ভাল ফলাফল রয়েছে। তাই আমরা এখনো আশাবাদী। আমাদের আত্মবিশ্বাসও আকাশছোঁয়া।
একইদিনে নিউক্যাসল যাবে বেনফিকা। ম্যাচে ফেভারিট থাকছে বেনফিকাই। কারণ আগের লেগে পর্তুগীজ দলটি নিজেদের মাঠে ৩-১ গোলে পরাজিত করেছে ইংলিশ ক্লাব নিউক্যাসলকে। ২-০ গোলের বাড়তি সুবিধায় থাকা ইতালীর ল্যাজিও এদিন ফিরতি লেগে মুখোমুখি হবে তুরস্কের ফেনারব্যাচের বিপক্ষে। - বাসস/ফিফা ডটকম
