ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার রাতে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে হামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান উপজেলা চেয়ারম্যান গ্রুপ ও পৌর মেয়র গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। জানা যায়, পৌর মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মেদ গ্রুপের নেতা-কর্মীরা সন্ধ্যা ৭টার দিকে ১৮ দলের ডাকা হরতাল প্রতিরোধে সশস্ত্র মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ কার্যালয়ের ভিতর দিয়ে যাওয়ার সময় মিছিলের পেছন থেকে উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেলের সরকারি বাসভবনে হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে পৌর মেয়রের সশস্ত্র মিছিলটি পৌরশহরের মধ্যবাজারে উপজেলা চেয়ারম্যান সমর্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসলে উপজেলা চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীরা মেয়র গ্রুপের মিছিলে হামলা চালায়। এ সময় ২ গ্রুপের নেতা-কর্মীরা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবু কাওসার, ছাত্রলীগ নেতা নাজমুল, মিরণসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মধ্যবাজারে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
