রাঙ্গুনিয়ায় দু’পক্ষের বন্দুকযুদ্ধ পুলিশসহ আহত ১২

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২২:০১
উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশের জায়গা দখলকে কেন্দ্র করে বুধবার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) চন্দন কুমার, কনস্টেবল জাহেদুল হাসান ও যুবলীগ কর্মী আলী হোসেন কালু (২৭) গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ৯ জন। পুলিশ গিয়াস উদ্দিন (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে। এলাকাবাসী জানায়, সড়কের জায়গা দখলকে কেন্দ্র করে মুজিব গ্রুপ এবং আলতাফ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের তাণ্ডবে এলাকা রণক্ষেত্র পরিণত হয়। সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আলতাপ গ্রুপের সদস্যরা সরে যাওয়ার হুমকি দেয় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭/৮ রাউন্ড গুলি ছোঁড়ে। আহত দুই পুলিশকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেয়া হয়। যুবলীগ কর্মী আলী হোসেনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মোর্শেদ জানান, সংঘর্ষের ঘটনার ব্যাপারে মুজিব গ্রুপের পক্ষে মামলা থানায় প্রক্রিয়াধীন আছে।