প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রবাসী কল্যাণ ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০ সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এ বি এম আবুল কাসেম, মোঃ শাহাব উদ্দিন, কর্ণেল (অবঃ) এ, এ, মারুফ সাকলান ও শাহিদা তারেখ দীপ্তি অংশগ্রহণ করেন। সভায় বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় প্রবাসী কল্যাণ ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য আইনগত বাধাসমূহ চিহ্নিত ও পরিশোধিত মূলধনের সরবরাহ ব্যবস্থার উপায় উদ্ভাবনের জন্য ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গুলশান ভাটারাস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের অর্থায়নে প্রবাসীদের জন্য নির্মাণাধীন ওয়েজ আর্নার্স হাউজিং কমপ্লেক্সে গৃহীত প্রকল্প ও জায়গাটিতে করণীয় সম্পর্কে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। আগামী বৈঠকে এ সংক্রান্ত আরো স্পষ্ট প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।
সভায় মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির সর্বশেষ অবস্থা নিয়ে প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়।
