টানা হরতাল ও লাইটারেজ শ্রমিকদের ধর্মঘটে জাহাজে ও গুদামে ভোগ্যপণ্যসহ আমদানিকারকদের বিপুল পরিমাণ পণ্য আটকা পড়েছে। হরতালের মধ্যে বন্দরের জেটিতে পণ্য ও কন্টেইনার খালাস হলেও সরবরাহ করা যাচ্ছে না। বন্দরের সেডগুলোতে বিপুল পরিমাণ পণ্য পরিবহনের অপেক্ষায় আটকা পড়েছে। বহির্নোঙরে প্রায় ৩০টি পণ্যবাহী জাহাজে লাইটারেজ শ্রমিক ধর্মঘটে পণ্য খালাস বন্ধ রয়েছে। চট্টগ্রামে দুই শতাধিক গুদামেও বিপুল পরিমাণ পণ্য মজুদ থাকলেও হরতালে ডেলিভারি হচ্ছে না। শুধু আমদানি করা পণ্যই নয়, চট্টগ্রামে মৌসুমী শাক-সবজির ১৫টি পাইকারি বাজারে স্তূপ পড়ে রয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, হরতালের মধ্যেও বন্দরের জেটিগুলোতে প্রতিদিন আমদানি করা পণ্য ও কন্টেইনার খালাস হচ্ছে। গতকাল বুধবার জেটিগুলোতে ১১টি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে। এর মধ্যে ৩টি কন্টেইনারবাহী জাহাজ। পণ্য খালাস করে সেডে রাখা হচ্ছে। আবার কিছু পণ্য বন্দরের কাছাকাছি গুদামে মজুদ করা হচ্ছে। কিন্তু চট্টগ্রামের বাইরে কোথাও সরবরাহ করা যাচ্ছে না। বন্দরের রেডিও কন্ট্রোল রুম জানায়, গতকাল বুধবার পর্যন্ত বহির্নোঙরে প্রায় ৩০টি জাহাজ নোঙর করে রয়েছে। লাইটারেজ শ্রমিক ধর্মঘটে এসব জাহাজ থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে-সিমেন্ট তৈরির কাঁচামাল, সার, চিনি, লবণ, ছোলা, গম, মশুর, তেল, কেমিক্যাল জাতীয় পণ্য।
আমদানিকৃত পণ্য মজুদ রাখার জন্য চট্টগ্রামে প্রায় দুই শতাধিক গুদাম রয়েছে। টানা হরতালে গুদামগুলোতে বিপুল পরিমাণ পণ্য ডেলিভারির অপেক্ষায় আটকা পড়েছে। এ প্রসঙ্গে গুদাম ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম ঠিকাদার ও কমিশন এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নেয়াজুর রহমান ইত্তেফাককে বলেন, ছোলা, মটর, চাল, ডাল ও কেমিক্যালসহ বিপুল পরিমাণ পণ্য গুদামগুলোতে আটকা পড়েছে। রাতে কিছু সরবরাহ হলেও তা মোট পণ্যের ২০ শতাংশের বেশি নয়। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা জানান, স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম থেকে দৈনিক সাড়ে ৩ হাজার ট্রাক ও কাভার্ডভ্যান পণ্য পরিবহন করে থাকে। কিন্তু বর্তমানে দৈনিক ১০০ গাড়ির বেশি পণ্য সরবরাহ হচ্ছে না। তাও রাতের বেলায় জান ও মালের ঝুঁকি নিয়ে পরিবহন করা হচ্ছে। এ প্রসঙ্গে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মদ চৌধুরী ইত্তেফাককে বলেন, ব্যবসায়ীরা পণ্য পরিবহনের জন্য বুকিং দিতে ভিড় জমাচ্ছে। পরিবহন সংকটে ভাড়া বেড়েছে দ্বিগুণ। ১৩ হাজার টাকার ভাড়া ২৬ হাজার টাকা হয়েছে। ভাংচুরের আশংকায় অনেকে ভাড়া নিচ্ছে না। ফলে চাহিদার অনুপাতে গাড়ি পাওয়া যাচ্ছে না।
এদিকে ২০ শতাংশ বর্ধিত ভাতা প্রদানসহ ১৭ দফা দাবিতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি পালন করছে। এর ফলে বহির্নোঙর জাহাজ থেকে পণ্য খালাস ও অভ্যন্তরীণ রুটে পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে। নৌপরিবহন মন্ত্রী, জাহাজ মালিক ও শ্রমিক ইউনিয়নের সাথে গত কয়েকদিন দফায় দফায় বৈঠকের পরেও সমাধানে পৌঁছতে পারেনি। এর ফলে আমদানিকারক, ব্যবসায়ী, ঘাট শ্রমিক ও গুদাম মালিকসহ সকলেরই আর্থিক ক্ষতি হচ্ছে। ১৬টি ঘাটের কয়েকশ’ শ্রমিক এক সপ্তাহ অলস সময় কাটাচ্ছে। এদিকে সবজি ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে অন্তত ১৫টি মৌসুমী সবজির পাইকারি বাজার রয়েছে। এসব বাজারে উত্পাদনকারী কৃষকরা শস্য পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য জমায়েত করে। কিন্তু হরতালের কারণে পাইকারি বাজারে পণ্য বিক্রি ৫০ শতাংশ কমে গেছে।
