হামলা-মামলা বাদ দিয়ে সংলাপে বসুন

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২৩:০০
হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা দেশের বর্তমান অস্থির ও অশান্ত পরিস্থিতিতে সীমা লংঘন না করে এবং অত্যাচার-নির্যাতনের পথ পরিহার করে সকলকে ধৈর্য ধারণ করার আহবান জানিয়েছেন। অন্যথায় সরকার, বিরোধী দল এবং জনসাধারণ- সকলেই ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি হামলা ও মামলা বাদ দিয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহবান জানান। গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিলা এম. এ. মাদ্রাসা ও জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্সে এক দোয়া ও জিকির মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে একাগ্রচিত্তে প্রার্থনা করুন। তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন। দেশের মানুষ শান্তি চায়, সমস্যার সমাধান চায়, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চায়। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ক্বারী রওশন আরা নূরী।- প্রেস বিজ্ঞপ্তি