হরতালের প্রভাবে চট্টগ্রাম চেম্বারের উদ্বেগ

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২৩:০১
চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, জ্বালাও-পোড়াওসহ হরতালের কারণে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, হরতালের কারণে সরকারের রাজস্ব খাতে ২৫০ কোটি টাকা, তৈরি পোশাক খাতে ৩৬০ কোটি টাকা, উত্পাদন খাত, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য খাতসহ জাতীয় অর্থনীতিতে প্রতিদিন প্রায় ২ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। টানা হরতালের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম, শিল্প-কারখানার উত্পাদন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহনসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে বন্দরে কন্টেইনার জটের পাশাপাশি বন্দরে আগত পণ্যবাহী জাহাজগুলো টার্ন এরাউন্ড টাইম বেড়ে যাওয়ার ফলে পোর্ট ডেমারেজসহ প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে হরতালের কারণে চট্টগ্রাম থেকে সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহনের ক্ষেত্রে চট্টগ্রাম-ঢাকা ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া ১৫/১৬ হাজার থেকে বেড়ে ২৬ থেকে ২৮ হাজার টাকা হয়েছে। একই পথে কন্টেইনার বহনকারী লরীর ভাড়া ২২/২৪ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা। এছাড়া গত ৬ দিন লাইটার ও কোস্টার শ্রমিকদের ধর্মঘটের কারণে নৌ-পথে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এই অতিরিক্ত খরচের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ভার ভোক্তা সাধারণকেই বহন করতে হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম কাস্টমস্ হাউজে কর্মকাণ্ড স্থবিরের কারণে সরকার শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।