জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আজ বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শিবির হরতালের কর্মসূচি ঘোষণা করে। হরতালে সমর্থন জানিয়েছে জামায়াত। গত ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ রাজধানীর শ্যামলী থেকে দেলওয়ার হুসেনকে গ্রেপ্তার করে। এরপর তাকে ২৮ ফেব্রুয়ারির হরতালের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। দেলওয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২ এপ্রিলও সারাদেশে হরতাল করে শিবির।
জামায়াতের অভিনন্দন
এদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল সফল করায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশের জুলুম, নির্যাতন, গণগ্রেফতার উপেক্ষা করে দেশবাসী হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে।
