ব্লগ বাঁশের কেল্লা ও নূরানীচাপা বন্ধের নির্দেশ

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২৩:১৪
সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম বাঁশের কেল্লা ও নূরানীচাপা সমগ্র নামের দুটি ব্লগ বন্ধের জন্য বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে। এদুটি ব্লগ জামায়াতে ইসলামীর হয়ে প্রচারণায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ আছে। এ ছাড়া ফেসবুক বা ব্লগের কোনো মন্তব্য গণমাধ্যমে প্রচার করতে হলে সংশ্লিষ্ট মন্তব্যকারীর অনুমতি নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি গতকাল বুধবার এ নির্দেশ দিয়েছে। পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হযরত (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়। গত ১৩ মার্চ গঠিত এ কমিটির ৯ জন সদস্য রয়েছেন। এর মধ্যে সকল গোয়েন্দা সংস্থা ও বিটিআরসির প্রতিনিধি রয়েছেন। এদিকে বিটিআরসি সূত্র জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বা ব্লগ বন্ধের স্থায়ী কোনো কারিগরি পদ্ধতি তাদের নেই। একটি ব্লগ বা ফেসবুক বন্ধ করা হলেও অন্য কোনো নামে আরেকটি খোলা যায়। কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খোন্দকার বলেছেন, যারাই ব্লগ বা ফেসবুক ব্যবহার করে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টের অপচেষ্টা করবে তাদের চিহ্নিত করে আইনে সোপর্দ করা হবে। প্রচলিত দণ্ডবিধি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে এসব অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, গোষ্ঠীর সাজার বিধান রয়েছে। একজন ব্লগারের মন্তব্য অন্য কোনো মাধ্যমে তার অনুমতি ছাড়া প্রচার-প্রকাশ করা হলে সেটিও আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এ জন্য পূর্বানুমতি ছাড়া এ ধরনের মন্তব্য প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।