বৈশাখে সাগর-শম্পার ‘এক্সকিউজ মি’

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ১৮:৩৯
চলচ্চিত্রের তারকা অন্বেষণভিত্তিক রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ থেকে উঠে আসা তেমন কেউই চলচ্চিত্রে কিংবা ছোটপর্দায় খুব একটা জায়গা করতে পারেননি। তবে এদিক থেকে সাগর, শম্পা, মিমো, রোজ, নিলয় একটু ভিন্ন। তারা সবাই সরাসরি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে না পারলেও বিভিন্ন দিক থেকে মিডিয়ায় ব্যস্ত রয়েছেন এবং কেউ কেউ আলোচিতও হচ্ছেন। এই ব্যস্ত সুপার হিরো-হিরোইনদের মধ্যে সাগর ও শম্পা অভিনীত নতুন চলচ্চিত্র ‘এক্সকিউজ মি’-এর শুটিং শেষ করলেন এই সপ্তাহে। ছবিটি পরিচালনা করেছেন হাসান কামরুল। ছবিটি প্রসঙ্গে সাগর বলেন, ‘অসম্ভব ভালো একটি কাজ হয়েছে। রোমান্টিক ঘরানার চলচ্চিত্র। শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম। ফিরতে না ফিরতেই পরিচালক ছবিটির অডিও অ্যালবাম দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ঈগল মিউজিকের ব্যানারে এই ‘এক্সকিউজ মি’ ছবির গান এই পহেলা বৈশাখে বাজারে আসছে।’