বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ও খ্যাতিমান কবি সমকালের সহযোগী সম্পাদক নাসির আহমেদকে সম্মাননা দিচ্ছে ভারতের সাংস্কৃতিক সংগঠন সন্ধানী। আগামী ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হবে।
সংগীত অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফাতেমা তুজ জোহরাকে গৌরীপ্রসন্ন মজুমদার স্মৃতি সম্মাননা ও কবিতায় অবদানের জন্য নাসির আহমেদকে সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাশিল্পী সমরেশ মজুমদার, ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. নিলাংশু শেখর দাস ও ধূপগুড়ির পৌরপিতা শৈলেন চন্দ্র রায়। সংগঠনের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সন্ধানীর আহ্বায়ক দেবরঞ্জন চক্রবর্তী।
