মাওবাদী শীর্ষনেতা মুপল্লা লক্ষণ রাও ওরফে গণপতির খোঁজ দিলে ১৫ লক্ষ টাকা পুরস্কার দেবে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। বুধবার প্রেস বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। গণপতি ছাড়াও নামবালা কেশব রাও ওরফে বাসবরাজ, তিপ্পিরি তিরুপতি ওরফে দেওজি, বালমুরি নারায়ণ রাও ওরফে প্রভাকরের ১০ লক্ষ টাকা করে মাথার দাম ঘোষণা করা হয়েছে। সোমাজি ওরফে সহদেবের জন্য দেয়া হবে ৫ লক্ষ টাকা।—খবর আনন্দবাজার পত্রিকার।
গত বছর ২৯ ফেব্রুয়ারি কলকাতা থেকে মাওবাদীদের সেন্ট্রাল টেকনিক্যাল কমিটির প্রধান সদুলা রামকৃষ্ণসহ পাঁচজনকে গ্রেফতার করে এনআইএ। সেই মামলার তদন্ত করতে গিয়ে অন্ধেপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকেও কয়েক জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে বেশ কিছু তথ্য পায় এনআইএ। তদন্তে জানা যায়, কম খরচে রকেট লঞ্চার তৈরির চেষ্টা করছে মাওবাদীরা। প্রায় পাঁচ কোটি টাকার সেই ‘প্রজেক্ট’ রূপায়ণ করেছে মাওবাদীদের টেকনিক্যাল রিসার্চ আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট (ট্রাম)। ২০০৫-এ কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক গণপতির উপস্থিতিতে এই ইউনিট তৈরি হয়েছিল। বাসবরাজ, দেওজি ও প্রভাকরেরা প্রত্যক্ষভাবে এই ‘প্রজেক্ট’-এর সঙ্গে যুক্ত।
