আগামী ৫ মে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন বুধবার এই তারিখ ঘোষণা করে। এর মধ্যদিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের। বিশ্লেষকদের ধারণা, এই নির্বাচন মালেয়েশিয়ার ক্ষমতাসীন দলের ৫৬ বছরের শাসনামল তথা প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। নির্বাচনে বিরোধী দল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি জনসম্মুখে তুলে ধরবে। ২০০৮ সালের নির্বাচনে বর্তমান সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারায়। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল আজিজ ইউসুফ বলেন, ২০ এপ্রিল চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন করা হবে। অর্থাত্ প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার জন্য দুই সপ্তাহ সময় পাবেন। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।
