পাকিস্তানের ক্রিকেট বোর্ডের(পিসিবি) প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেছেন, পাকিস্তান দলটি এখন একটি ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে। সাদা চোখে দেখলে দল নির্বাচন প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ মনে হলেও কৌশলগত কারণেই এমনটা করা হচ্ছে বলে দাবী করেন কাশিম। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া একটি বিশেষ সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
খেলোয়াড় নির্বাচন নিয়ে বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের সবগুলো বোর্ডকেই কমবেশী প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে পিসিবির ক্ষেত্রে এই সমস্যাটা বোধহয় বেশীই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্সের পরে নির্বাচক কমিটির কার্যক্রম আবারো প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তবে কাশিম বলছেন ভিন্ন কথা। তিনি মনে করেন পাকিস্তান দলটি এখন ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে। আর এর ফলাফল হিসেবেই তারা খুঁজে পাবেন কাঙ্খিত মানের কিছু খেলোয়াড়। আর এই সমস্যাটা শুধু পাকিস্তানের জন্য নয়, বরং বিশ্বের সব দেশকেই কোন না কোন সময়ে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। একটি দেশের অতীত যতই গৌরবময় হোক না কেন,এই পরিস্থিতি মোকাবিলা করা সবার জন্যই কঠিন। আর এই সময়টাতে যেটা করণীয় সেটা হচ্ছে তরুণদের উপযুক্ত পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের জন্য গড়ে তোলা। আর নির্বাচক কমিটি ঠিক সেই কাজটাই করছে।
কাশিম বলেন,‘আমরা তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ঘরোয়া ক্রিকেটের অবস্থা একেবারেই আশাব্যঞ্জক নয়। সমালোচকরা নির্বাচকদের কাজে ধারাবাহিকতার অভাব বোধ করতে পারেন। তবে এর বিপরীতে আরেকটি কথাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে দলে সমন্বয়ের চেষ্টা না করি তাহলে দেশের জন্য সর্বোচ্চ ভাল একটা দল দাঁড় করানো সম্ভব নয়। নির্বাচকদের কাজ হচ্ছে সেরা দলটি বাছাই করা আর খেলোয়াড়দের কাজ হচ্ছে ভাল পারফরম্যান্স দেখানো। যাতে তারা দলে টিকে থাকতে পারে।’
দলে বার বার সুযোগ পেয়েও খেলোয়াড়রা তাদের জায়গা ধরে রাখতে পারছেন না এমনটা অভিযোগ করে প্রধান নির্বাচক আরো বলেন, ‘বাস্তবতা হচ্ছে, আমাদের অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় খুব বেশী ভাল মানের খেলোয়াড় নেই। মূল একাদশেও বেশীরভাগ জায়গাই নির্ধারিত নয়(নির্দিষ্ট কারো জন্য)। কারণ জায়গা ধরে রাখার জন্য যে পারফরম্যান্স দেখানো দরকার সেটা তারা দেখাতে পারছে না। আমরা তাদের সুযোগ দিচ্ছি তবে তাদেরকে নিজেদের মান বাড়াতে হবে এবং সুযোগটা কাজে লাগাতে হবে। একজন ভাল খেলোয়াড় কখনোই দ্বিতীয় কোন সুযোগের জন্য অপেক্ষা করে না।’
