নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:০৫
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ স্টেডিয়াম মাঠে উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। গত প্রায় তিনমাস যাবত্ নালিতাবাড়ী উপজেলার কোথাও বৃষ্টিপাত না হওয়ায় এলাকার দুরন্ত ভোগাই নদীসহ সব নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। বোরো ফসলে সেচ দিতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খাবার ও গোসলের পানির চরম অভাব দেখা দিয়েছে। এমতাবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করতে উপজেলা শহরের মসজিদ-মাদরাসার শত-শত ছাত্র, মুসল্লি, ইমাম, জনতা ও উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মেয়রসহ হাজারো লোক ইস্তিসকার নামাজ আদায় করেন। তবে বুধবার গভীর রাতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। নালিতাবাড়ী গেজ স্টেশন সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি নালিতাবাড়ীতে সর্বশেষ ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।