জমি বিক্রি করা হবে আর সিএনজি বিক্রির টাকা ঘরে রক্ষিত আছে। এই টাকার লোভে ডাকাতি করতে এসে শেষ রক্ষা হলো না ডাকাতদের। কাউখালীতে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তা ও স্থানীয়রা আন্তঃজেলা ডাকাতদলের ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ডাকাতদের গুলিতে আহত হয়েছে ২ জন। এসময় কয়েকজন লুণ্ঠিত দু’টি মোবাইল ও তাদের ব্যবহূত অস্ত্র নিয়ে পালিয়ে গেছে। বুধবার গভীর রাতে নাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাউখালীর জনবহুল এলাকায় এ ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। প্রকাশ, এনাম মেম্বারের বাড়িতে ৭/৮ জনের অস্ত্রধারী আন্তঃজেলা ডাকাতদলটি হানা দেয়।
ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা গুলি করতে থাকলে এনাম মেম্বারের ছেলে মোঃ হেলাল (২৮) গুলিবিদ্ধ হয় এবং এনাম মেম্বার আহত হয়। তাদের চিত্কারে স্থানীয়রা চারদিক ঘিরে ফেললে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য লিটন বড়ুয়া (৩৫), মোঃ সিরাজ (৪৫), চট্টগ্রামকে আটক করে। পরে তারাবুনিয়া থেকে মোঃ সুমন সিকদারকে (২৬) আটক করে। আরও পরে মোঃ ফারুককে (৩০) রাঙ্গুনিয়ার জঙ্গল বগাবিলি থেকে গ্রেফতার করে কাউখালী থানার পুলিশ।
