সারিয়াকান্দির যমুনার চরে ডাকাতি
সারিয়াকান্দি সংবাদদাতা \ বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরে একদল সশস্ত্র ডাকাত গরুর বাথানে হানা দিয়ে ১৫ লাখ টাকা মূল্যের ৬৭টি গরু লুট করে নিয়ে গেছে। উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চর নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ৫০/৬০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তিনটি শ্যালো মেশিন চালিত নৌকাযোগে যমুনা নদীপথে ডাকাতরা উক্ত স্থানে গরুর বাথানে হানা দিয়ে রাখালদের মারপিট ও জিম্মি করে গরু লুট করে নেয় ।
চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে বাড়ি পুড়ে ছাই
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে এক পরিবারের নগদ টাকা ধান চাল ও গরুসহ সর্বস্ব পুড়ে গেছে। আলকরা ইউনিয়নের নারানকুরী গ্রামের দেলু মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
সরেজমিন গিয়ে দেখা গেছে, থরে থরে পড়ে আছে অগ্নিকাণ্ডের ধ্বংসাবশেষ। আগুন থেকে গোলা ভর্তি ধান-চাউল, উন্নতজাতের দুধের গাভী, নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড় কিছুই রক্ষা পায়নি।
সাতক্ষীরায় মত্স্য ঘেরে ডাকাতি
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার একটি মত্স্য ঘেরে ডাকাতির চেষ্টাকালে ডাকাতদের হাতে ঘের মালিকসহ তিনজন মারাত্মক জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ভোর রাতে সদর উপজেলার মাছখোলা আমতলা বিলের আব্দুর রশিদের মত্স্য ঘেরে। ডাকাতরা এ সময় ঘের মালিক আব্দুর রশিদ, ছেলে আলী হোসেন ও কর্মচারী কৃষ্ণপদ সরদারসহ তিনজনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে। আহতদের মধ্যে আব্দুর রশিদ ও তার ছেলে আলী হোসেনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে দুই ডাকাত গ্রেফতার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুষ্কনী মাঠে মঙ্গলবার দিবাগত রাতে ১৪/১৫ জনের একটি দল ডাকাতি করার সময় একটি ধারালো হাসুয়াসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। অন্যান্য ডাকাত সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতদের সাথে ধস্তাধস্তির সময় আহত হয় শিশুসহ ৫ ভুটভুটি যাত্রী। আটককৃত হচ্ছে—মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের আশরাফুল (৩০) ও দাইপুখুরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের মজিবুর (৩৫)। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
বরগুনা জেলা কল্যাণ ট্রাস্টের সহায়তা
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনা জেলা কল্যাণ ট্রাস্ট অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের গত বুধবার আর্থিক সহায়তা প্রদান করেছে। সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা। আলোচনা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, ফারিয়া লারা ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়ক চিত্তরঞ্জন শীল ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু। বরগুনা জেলা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১০৯ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬৩ হাজার ৫শ’ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
ফুলপুরে গাছের ডাল পড়ে মহিলার মৃত্যু
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের মহদিপুর গ্রামে গাছের ডাল চাপায় ফাতেমা খাতুন (৭৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। জানা যায়, পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নের শালিয়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন বুধবার সকালে ভিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলেন। মহদিপুর গ্রামের ইব্রাহিম হোসেনের বাড়ির কাছে পৌঁছলে একটি গাছের ডাল ভেঙ্গে ফাতেমা খাতুনের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুরে হোমিও ডক্টরস এসোসিয়েশনের র্যালি
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুরে হোমিওপ্যাথিক চিকিত্সা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন সৈয়দপুর শাখা এসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ শাহ মো. রমজান আলী ও ডা. আব্দুল¬াহ।
ইসলামপুর কৃষি ব্যাংকে হালখাতা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরের কৃষকদের পুরাতন ঋণ পরিশোধকল্পে নতুন কৃষি ঋণ গ্রহণে গ্রাহক সেবার উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার সকাল হতে কৃষি ব্যাংক শাখা সারাদেশের ন্যায় হালখাতা শুরু হয়েছে। শাখা ব্যবস্থাপক বাবু প্রদ্যুত্ নারায়ণ দাস জানান, সকাল ৯টায় মালঞ্চ নার্সারীর স্বত্বাধিকারী চাঁন মিয়া ৪৮ হাজার টাকা প্রথম ঋণ, গাইবান্ধা ইউনিয়নের ডাক পাড়া গ্রামের কৃষক আব্দুল লতিফ ২১ হাজার টাকা, শাহাদত স্যানেটারীর স্বত্বাধিকারী গোলজার আলী ১৯ হাজার ৫ শত ২৩ টাকা সিসি ঋণ পরিশোধ করেন। শুভ হালখাতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
বরগুনায় নিরাপদ প্রসব সেবা কার্যক্রম উদ্বোধন
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনার ফুলঝুরি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দুটি সেন্টারে ২৪ ঘণ্টা নিরাপদ ডেলিভারী কার্যক্রম গত বুধবার উদ্বোধন করেন বরগুনার সিভিল সার্জন ডা. এ এইচ এম জহিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, ফুলঝুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন তপন, প্ল্যান বাংলাদেশের বরগুনা প্রতিনিধি শাহারুখ সোহেল, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের ওয়াচ প্রজেক্টের কো-অর্ডিনেটর আবুল হোসেন।
মাদারীপুরে ‘বৈচাপাগল’ নাটক মঞ্চস্থ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ ‘দেশীয় সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেল বন্ধন’- শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী, মাদারীপুরের ব্যবস্থাপনায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পরিবেশনায় সালাহউদ্দিন মাহমুদের রচনায় আ জ ম কামালের নির্দেশনায় স্বপ্ন ও দ্রোহের নাটক কেন্দ্রিক প্রযোজনা ‘বৈচাপাগল’ গত বুধবার সকাল ১০টায় মাদারীপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে মঞ্চস্থ হয়।
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
ফরিদপুর প্রতিনিধি \ ভাঙ্গা উপজেলার বরিশাল-ফরিদপুর মহাসড়কের পুর্ব সদরদী বাসস্ট্যান্ডে বুধবার দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
জানা গেছে, মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী বাস দুর্ঘটনাস্থলে আসলে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ বাসের ভেতর থেকে হেলপার স্বপন গাজী (৩২)-এর লাশ উদ্ধার করেছে। সে ফরিদপুর জেলার শোভারামপুর গ্রামের হাতেম গাজীর পুত্র।
বরগুনায় হোমিওপ্যাথিক দিবস পালন
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮তম জন্ম-জয়ন্তী ও হোমিওপ্যাথিক দিবস পালিত হয়েছে। গত বুধবার সকালে র্যালি শেষে রেডক্রিসেন্ট বিদ্যানিকেতনে বরগুনা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির। সভায় বিশেষ অতিথি ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইউনুচ ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।
ভোমরাঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
রাণিশংকৈল সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রাণিশংকৈল উপজেলার ভোমরাঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ৯ এপ্রিল ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ওইদিন বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্বাস আলির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মগড় ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান আলি। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাসেম ও সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম মুকুল।
মাওয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি\ মাওয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে র্যালি, মানববন্ধন ও সমাবেশ করেছে কুমারভোগ ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি। বুধবার সকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল র্যালি চন্দ্রের বাড়ি চৌরাস্তা হতে বের হয়ে ৩ কি.মি দূরে মাওয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে দেশে চলমান সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে কুমারভোগ ইউপি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি। মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার এলাকাবাসী অংশ নেয়।
ময়মনসিংহে ১৩ এপ্রিল হেফাজতের মহাসমাবেশ
ময়মনসিংহ প্রতিনিধি\ ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নেতৃবৃন্দ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, হেফাজতে ইসলামের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল শনিবার ময়মনসিংহে ‘শানে রিসালত’ মহাসমাবেশ অনুষ্ঠিত হবেই। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুনসুরুল হক খান।
সংবাদ সম্মেলনে ইত্তেফাকুল উলামার মজলিসে শুরার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, আমেলার সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সা’দী, মাওলানা মুহিতবুল্লাহ, মাওলানা আবু তাহের খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জে চাঁদা না পেয়ে ২ হাজার কলাগাছ কর্তন
মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে চাঁদা না পেয়ে এক সংখ্যালঘু পরিবারের ২ হাজার ফলদ কলাগাছ কেটে ফেলে নিষ্ঠুর প্রতিশোধ নিয়েছে কতিপয় দুর্বৃত্ত। এ নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে অত্র উপজেলার বনগ্রাম ইউনিয়নের বহরবৌলা গ্রামে। অভিযোগে জানা গেছে, একই ইউনিয়নের বনগ্রাম গ্রামের রশিদ শেখের পুত্র তাইজুল ইসলাম শেখ বহলবৌলা গ্রামের নিহার রঞ্জন পালের পুত্র অসীম পালের নিকট কিছুদিন পূর্বে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ঘটনার দিন রাতে তাইজুল ইসলামের নেতৃত্বে সশস্ত্র ৮/১০ জন দুর্বৃত্ত অসীম পালের বাড়িতে হামলা চালায় এবং তার বাগানের ২ হাজার ফলদমান কলাগাছ কেটে ফেলে নিষ্ঠুর প্রতিশোধ নেয়। এ ঘটনায় অসীম পাল বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
