ভারতে ঘুষ, দুর্নীতি ও চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের ৪৩ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বুধবার মহারাষ্ট্রে ৩৬ জন এবং গতকাল বৃহস্পতিবার পুনেতে ৭ জনকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ভারতে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। খবর এনডিটিভির।
গত বুধবার মহারাষ্ট্রে মোহাম্মদ কাশিম খান নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ৩৬ জন পুলিশ সদস্যকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। কাশিম অভিযোগ করেন, তিনি তার এক বন্ধুর বাড়ি সংস্কারের কাজ করছিলেন। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কাজ শুরু হয়ে এখনো চলছে। অভিযুক্তরা সেখানে প্রায়ই যেতো এবং অর্থ না দিলে অবৈধ জিনিস বহন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি দিত। এরপর কাশিম তাদের অর্থ দেন এবং এর চিত্র গোপন ক্যামেরায় ধারণ করে রাখেন। পুলিশের উপ-কমিশনারের কাছে এই ভিডিও চিত্র দিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে দোষী সাব্যস্ত হলে পুলিশ সদস্যদের বহিষ্কার করা হয়। এদিকে পুনেতে অভিযুক্ত পুলিশ সদস্যদের বহিষ্কার করা হয় একটি গুদামের ডাকাত দলকে সহায়তা দেয়ার জন্য।
