পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আদালতে তলব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির নির্বাচনী আদালত তাকে তলব করেন। মোশাররফ তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন। এদিকে গতকাল নির্বাচনী সহিংসতায় দেশটির এক নেতা নিহত হয়েছেন। খবর ডন এর।
পারভেজ মোশাররফ তিনটি আসনে তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আদালতে যে আবেদন করেছেন সেই বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট আগামী ১১ মে দেশটিতে অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চারটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে করাচি, ইসলামাবাদ এবং কাসুরের আসনগুলোতে তার মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা। চিত্রলে তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হলেও পরে বৈধ ঘোষণা করা হয়। তিনটি আসনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বুধবার আদালতে আবেদন করেন মোশাররফ।
দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে বন্দুকধারীদের গুলিতে মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) নেতা ফখরুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল নিজ বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
