গণজাগরণের কালো পতাকা মিছিল

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৩
যুদ্ধাপরাধী ও তাদের সহযোগিতাকারীদের প্রতি ‘সতর্ক বার্তা’ দিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল বৃহস্পতিবার ছাত্র শিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীতে করা কালো পতাকা মিছিল থেকে মঞ্চ এ হুঁশিয়ারি দেয়। ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারে সরকারকে অভিনন্দন জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থেকে কালো পতাকা মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি বাংলা মটর, মগবাজার হয়ে আবার শাহবাগে ফিরে আসে। মিছিলের অগ্রভাগে ছিলেন নারীরা। প্রায় প্রত্যেকের হাতেই ছিলো কালো পতাকা। মিছিল শেষে শাহবাগে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী এবং তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। নানাভাবে তারা ষড়যন্ত্র করছে। যুদ্ধাপরাধীদের সংগঠন শিবির হরতাল ডাকার ধৃষ্টতা দেখিয়েছে। তাদের হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্টা প্রতিহত করা হবে। এ কালো মিছিল যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের জন্য সতর্ক হুঁশিয়ারি। তরুণরা তাদের বিচার সম্পন্ন করেই ঘরে ফিরবে। তিনি মঞ্চের পক্ষ থেকে সদ্য প্রয়াত ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বিনোদ বিহারীর প্রতি সম্মান জানান। পরবর্তী কর্মসূচি সম্পর্কে ইমরান এইচ সরকার বলেন, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল শনিবার বিকাল থেকে শাহবাগের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তা চলবে সারা রাত। পরদিন পহেলা বৈশাখে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল সকালে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারে সরকারকে অভিনন্দন জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মিছিল শুরুর আগে ইমরান এইচ সরকার বলেন, আমার দেশ পত্রিকায় বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে মাহমুদুর রহমান সামপ্রদায়িক উস্কানি ছড়াচ্ছিলেন। তাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। আমরা দীর্ঘদিন ধরে সে দাবিই জানিয়ে আসছি। তবে দেরিতে হলেও তাকে গ্রেপ্তার করায় সরকারকে অভিনন্দন। এখন আইন অনুযায়ী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ডা. ইমরান বলেন, গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করছে, কোনো ধর্ম-বিরোধী আন্দোলন নয়। এ মঞ্চ ইসলামসহ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা জানায়। মাহমুদুর রহমান মঞ্চের আন্দোলনকারীদের চরিত্র হনন এবং নাস্তিক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করেছেন। মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসুল বলেন, মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করায় আমরা সন্তুষ্ট। তার যথাযথ বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। মঞ্চের আরেক উদ্যোক্তা বাপ্পাদিত্য বসু বলেন, ‘আমাদের মঞ্চ প্রতিবাদের পর্ব পেরিয়ে প্রতিরোধের পর্বে পড়েছে। রাজাকাররা, আলবদর ও তাদের সহযোগিতাকারীরা রেহাই পাবে না। দেরিতে হলেও মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ। এটি আমাদের আন্দোলনের বিজয়ের অংশ। চূড়ান্ত বিজয় নিয়েই ঘরে ফিরব।’