গফরগাঁওয়ে চার শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৩
দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দ্রুত বিচার আইনে উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল ও পৌর মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদসহ ৩৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৪ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। পৌর মেয়রের মালিকানাধীন মার্কেটে হামলার ঘটনায় গতকাল পৌর মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে গফরগাঁও থানায় এ মামলা দায়ের করেন। পৌর মেয়র গ্রুপের হরতাল বিরোধী সশস্ত্র মিছিল থেকে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে হামলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে গত বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান গ্রুপের হরতাল বিরোধী সশস্ত্র মিছিল থেকে পৌর মেয়রের মালিকানাধীন হাজী মার্কেটে হামলা করা হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ের উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন ও পৌর মেয়রের মালিকানাধীন মার্কেটে হামলা ও উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান গ্রুপ ও পৌর মেয়র গ্রুপের সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের বাসভবনে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল বিকালে চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে স্থানীয় রেলস্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে।