ইউরোপের বাইরের দেশ থেকে আসা শিক্ষার্থীদের ভর্তি এবং শিক্ষাদানের লাইসেন্স ফিরে পেয়েছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ব্রিটেনের ইমিগ্র্যাশন নিয়ন্ত্রক সংস্থা ইউকেবিএ গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির লাইসেন্স পুনর্বহালের সিদ্ধাতের কথা জানায়। এ খবরে প্রায় ২৬শ বিদেশি শিক্ষার্থী ডিপোর্টেশনের আতংক থেকে রেহাই পেল। এদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী আছেন ৫৯ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউকেবিএ অনিয়মের অভিযোগ তুলে গত বছরের আগস্ট মাসে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থীদের ভর্তি এবং তাদের শিক্ষাদানের লাইসেন্স বাতিল করে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বিদেশি শিক্ষার্থীদের ভর্তি এবং ক্লাসে উপস্থিত থাকার ব্যাপারে ইউকেবিএ’র নিয়ম-কানুন মানতে ব্যর্থ হয়েছে। ইউকেবিএ লাইসেন্স বাতিলের পাশাপাশি এসব শিক্ষার্থীকে পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার নির্দেশ দেয়। অন্যথায় তারা ব্রিটেনে অবৈধ হিসাবে গণ্য হবেন এবং ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়বেন বলে জানানো হয়। অনিয়মের অভিযোগে ব্রিটেনে কোন ইউনিভার্সিটির লাইসেন্স বাতিলের এটাই প্রথম কোন ঘটনা।
ইউকেবিএ সূত্রে জানা গেছে, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে ইউকেবিএ’র নিয়ম মানার ক্ষেত্রে বেশকিছু পদক্ষেপ নেয়ার পরিপ্রেক্ষিতে তাদের লাইসেন্স ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী এক বছর তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ে তাদের প্রমাণ করতে হবে যে, ইউকেবিএ’র নিয়ম-কানুন মানার ক্ষেত্রে তারা যথেষ্ট আন্তরিক এবং দক্ষ।
