বাকশালী চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচন করলো সরকার :খালেদা জিয়া

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের গণবিরোধী নীতি ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর, কলামিষ্ট ও রাজনৈতিক বিশ্লে¬ষক, পেশাজীবীদের নেতা মাহমুদুর রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের বাকশালী চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী মত, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকারকে দলন করে আসছে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয়ে শাসক দল ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাস, দখল, লুটপাটসহ সর্বগ্রাসী দুর্নীতিতে নিজেদের আকণ্ঠ নিমজ্জিত রেখেছে। নিজেদের অপশাসন টিকিয়ে রাখতে এরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য গুম, অপহরণ ও গুপ্তহত্যার মত নৃশংস পথ বেছে নিয়েছে। বেগম জিয়া বলেন, সরকারের সমালোচনায় বিরোধী দলের সংবিধান বর্ণিত অধিকারগুলো দুঃশাসনের নিষ্ঠুর যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। মিথ্যা, হাস্যকর ও বানোয়াট মামলা দায়ের করে বিরোধী দলের শীর্ষ নেতাদের জেলে আটক রাখা হচ্ছে। সাড়ে চার বছরে এই সরকারের অপকর্মের তীব্রতা এতোই বেশি যে, এর বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছাইচাপা আগুনের মত আর লুকানো থাকছে না, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ন্যায় তা উদগীরিত হচ্ছে। তাই জনগণের ক্রোধকে ধামাচাপা দেয়ার জন্য সরকার নানা চক্রান্তজাল বুনে যাচ্ছে। মাহমুদুর রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের বাকশালী চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। তিনি বলেন, চক্রান্তের ঘূর্ণাবর্তে জনগণকে কখনোই বিভ্রান্ত করা যায় না। তিনি বলেন, এর আগেও সরকার মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে দীর্ঘদিন বন্দী করে রেখেছিল। বেগম জিয়া বলেন, সরকারের গণবিরোধী নীতি ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার দেশের লেখক, কলামিষ্ট, রাজনৈতিক বিশ্লে¬ষক ও মুক্তবুদ্ধির বুদ্ধিজীবীদের ওপর আক্রমণ ও হুমকি আওয়ামী সরকারের গত সাড়ে চার বছরে বিপজ্জনক রূপ ধারণ করেছে এবং স্বৈরতন্ত্রের এই চরম নগ্নরূপের ফলে দেশে বিরাজ করছে দুঃসহ অশান্তি ও হানাহানির পরিবেশ। তিনি গণমাধ্যমের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার মূল চেতনা এবং স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল রাতে তার সঙ্গে বৈঠক করতে আসা ব্যবসায়ী সংগঠনের নেতাদের উদ্দেশে বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের নিশ্চয়তা পেলে বিএনপি আর হরতাল দেবে না। তিনি বলেন, দেশের বর্তমান সংকট দূর করতে হলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। তিনি গণতান্ত্রিক আন্দোলন সফল করার জন্য ব্যবসায়িক নেতাদের প্রতি আহ্বান জানান। এফবিসিসিআই, বিজিএমইএর সাবেক পরিচালক ও ব্যবসায়ী নেতারা বৈঠকে খালেদা জিয়াকে হরতালের পরিবর্তে বিকল্প কর্মসূচি দেয়ার আহ্বান জানান। রাত নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়িক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বিজিএমইএর সাবেক সভাপতি জিএম ফজলুল হক, এফবিসিসিআই’র সাবেক পরিচালক খোরশেদ আলী মোল্লা, কামাল উদ্দিন আহমেদ, আব্দুল ওয়াহেদ, এসএম সফিউজ্জামান, বায়রার সাবেক সভাপতি আবুল কাসেম হায়দার প্রমুখ।