স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে। তিনি ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যিনিই অপরাধ করুন না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে। আইন কোন অপরাধীকে ছাড় দেবে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নূর হোসেন চত্বরে এক বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। হরতালের নামে বিরোধী দলের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কৃষক লীগ এ সমাবেশের আয়োজন করে। শামসুল হক টুকু বলেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া দেশকে অশান্ত করতে সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তিনি এটা করছেন যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং নিজেকে ও তার দুই পুত্রকে দুর্নীতির বিচার থেকে বাঁচানোর জন্য।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শাসসুল হক রেজা, শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীর শতাধিক স্থানে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ-ছাত্রলীগসহ অন্যান্য সংগঠন হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে। ১৮ দলের হরতালের প্রতিবাদে দুপুরে মুক্তাঙ্গন থেকে হরতালবিরোধী লাঠি মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। এর আগে সকালে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী মানববন্ধন করে আওয়ামী লীগ সমর্থিত ২২টি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতালবিরোধী সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ। একই স্থানে হরতালের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
