সেশন হারানোর ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা। ক্যামব্রিজ ও এডক্সেলের সিলেবাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় ইংরেজি মাধ্যমের। সারাবিশ্বে একই দিন একই সময় অনুষ্ঠিত হয় পরীক্ষা। আগামী ৭ মে থেকে এই দুই বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষা চলবে জুনের মাঝামাঝি পর্যন্ত। কিন্তু টানা হরতাল ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বিপাকে পড়েছে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন যথাসময়ে পরীক্ষা দেয়া যাবে তো?
গত মাসে ও চলতি মাসের অধিকাংশ কার্যদিবস হরতাল আর রাজনৈতিক কর্মসূচির কারণে জনজীবন প্রায় অচল ছিল বলা যায়। বিপর্যস্ত হয়ে পড়ে শিক্ষা কার্যক্রমও। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ছিল বন্ধ। তবে এ কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীরা। ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল। সারাবিশ্বে একই সঙ্গে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন এ কারণে যে, ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা যেহেতু সব দেশে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়, তাই রাজনৈতিক কর্মসূচি বা অন্য কোন কারণে পরীক্ষা পেছানো সম্ভব হয় না। অতীতে দেখা গেছে সকাল-সন্ধ্যা হরতালের পর রাতে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরীক্ষার সময় হরতাল যদি ২৪ ঘন্টা বা তার বেশি সময় ধরে চলে, তাহলে ব্রিটিশ কাউন্সিল ওই পরীক্ষা গ্রহণ করবে না বলে জানিয়েছে। ফলে বাংলাদেশের হাজার হাজার পরীক্ষার্থী সেশন থেকে পিছিয়ে যাবে। পাশাপাশি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন অভিভাবকরা। কেননা বাতিল হওয়া পরীক্ষায় পরে অংশগ্রহণ করতে চাইলে পুনরায় নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের। এ ক্ষেত্রে এক পরীক্ষার জন্য দুইবার অর্থ খরচ করতে হবে অভিভাবকদের। আর শিক্ষার্থী অভিভাবকরা আশংকা করছেন এভাবে চলতে থাকলে বাংলাদেশে ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষা ও কার্যকম বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা চলার সময় হরতাল, অবরোধ, লংমার্চসহ কোন কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টস-গার্ডিয়ানস ফোরাম। ফোরামের পক্ষে একটি যুক্ত বিবৃতি দেন সংগঠনের আহবায়ক কামরুল ইসলাম সনি, যুগ্ম আহবায়ক ড. শাহাদত্ হোসেন মাহমুদ, যুগ্ম আহবায়ক ইঞ্জি: মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আলী, যুগ্ম আহবায়ক ইঞ্জি: আ.ফ. নূরুল আলম (সমীর), যুগ্ম আহবায়ক মিসেস বুলবুল রহমান প্রমুখ। বিবৃতিতে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল, হেফাজতে ইসলাম ও গণজাগরণ মঞ্চের চলমান আন্দোলনের কারণে এবারের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। বেশ কিছুদিন যাবত্ দেশবাসী লক্ষ্য করছে হরতালের আগের দিন গাড়ি পোড়ানো, সড়ক অবরোধ ও জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে পরীক্ষার্থীরা ভীত-সন্ত্রস্তবোধ করে। পরীক্ষার্থীরা কোন বিশেষ দল বা গোষ্ঠীর নয়, দলমত নির্বিশেষে সবার সন্তান। বিবৃতিতে তাদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সকল রাজনৈতিক দলকে আসন্ন ও এবং এ লেভেল পরীক্ষার সময় হরতাল, অবরোধ, লংমার্চসহ নেতিবাচক সকল কর্মসূচি না দেবার জন্য বিরোধী দলসহ সকলকে অনুরোধ করা হয়।
