যারা পাকিস্তান চায় তারা পুলিশ দেখতে পারে না :মতিয়া

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৯
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশ চায় নাই তারা পুলিশকে দেখতে পারে না। কারণ এই পুলিশ একাত্তর সালে রাজারবাগে পাকিস্তানী খান সেনাদের সাথে রাইফেল দিয়ে প্রথম লড়াই করেন। তিনি হরতালকারীদের উদ্দেশ করে বলেন, মানুষ পুড়িয়ে মারা কি ইসলামে আছে? তারা হরতালে মানুষ পুড়িয়ে মারছে। সুন্দরগঞ্জে এক পুলিশকে ঘরে আটকিয়ে রেখে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। কৃষিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী ইসলামী দাখিল মাদ্রাসা মাঠে গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ- এর চাল বিতরণকালে এক সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলামের প্রথম উম্মত ছিলেন বিবি খাদিজা। তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। তিনি ব্যবসা করতে পারলে আমার দেশের নারীরা কেন তা পারবে না ? নারী নীতি বাতিলের হেফাজতে ইসলামের দাবির বিরোধিতা করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত জোট সরকার বছরে মাত্র ৫২ হাজার হাজিকে হজ্বে পাঠানোর ব্যবস্থা করে, সেখানে মহাজোট সরকার এখন লক্ষাধিক লোককে হজ্বে পাঠাচ্ছে।