পদ্মা সেতু নির্মাণে যেকোন ধরনের দুর্নীতির সম্ভাবনা প্রতিরোধ, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা ঘোষণার প্রেক্ষাপটে এ দাবি জানালো দুর্নীতি বিরোধী সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গত মঙ্গলবার অর্থমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে সরকারের পাঁচ বছরের ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মূল সেতুসহ আনুষঙ্গিক কাজের জন্য দরপত্র আগামী জুন মাসের মধ্যে আহ্বান করা হবে। তার আশ্বাস জনগণকে একটু হলেও স্বস্তি দিয়েছে। তবে যে কারণে বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সেই দুর্নীতির ষড়যন্ত্রের তদন্ত ও দোষীদের প্রমাণসাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে। এক্ষেত্রে জনগণের করের অর্থ যেন অপচয় বা দুর্নীতির মাধ্যমে আত্মসাত্ না হয়, সেজন্য সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
