আমার দেশ পত্রিকা বন্ধ

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ০০:৪৪
দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা সিলগালা করে দিয়েছে পুলিশ। এর ফলে আজ শুক্রবার আমার দেশ পত্রিকা বের হয়নি। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তেজগাঁও শিল্পাঞ্চলে আমার দেশ পত্রিকার ছাপাখানা সিলগালা করে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের ৪৪৬/ডি প্লটে অবস্থিত আমার দেশ পত্রিকার ছাপাখানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানের কারণ ব্যাখ্যা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ইত্তেফাককে বলেন, যে মামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতার হয়েছেন, আদালত সেই মামলায় একটা সার্চ ওয়ারেন্ট দিয়েছে। এই সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চলের ছাপাখানায় পুলিশ অভিযান চালিয়েছে। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে ৩টি মামলা দায়ের করা হয়েছে, ঐ মামলার সার্চ ওয়ারেন্টে মামলার আলামত হিসাবে ঐ ছাপাখানায় অভিযান চালানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ছাপাখানা একটি আলামত হিসাবে তাতে অভিযান চালানো হয়। এ অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সহায়তা করেছে। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার বাকী বিল্লাহ’র নেতৃত্বে একটি টিম ছাপাখানায় অভিযান চালায়। এসময় ছাপাখানা থেকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেয়া হয়। খবর পেয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকরা হাজির হন ছাপাখানায়। তবে অভিযান চালানোর সময় ছাপাখানায় কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। ছাপাখানার ভিতরে পুলিশ প্রবেশ করে অভিযান চালাতে থাকে। রাত পৌনে ১১টার দিকে অভিযান শেষ হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছাপাখানা সিলগালা করে দেয়। এ ছাপাখানাটি মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসাবে পুলিশ জব্দ করে। ছাপাখানার প্রধান গেটে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের ৫ জন সদস্যকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়। ছাপাখানার ব্যবস্থাপক মহিউদ্দিন জিলানী বলেন, রাত পৌনে ১১টার দিকে অভিযান শেষ হওয়ার পর ছাপাখানা সিলগালা করে দিয়েছে। পুলিশ সেখান থেকে একটি কম্পিউটার জব্দ করেছে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ছাপাখানা থেকে একটি কম্পিউটার ও মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ এমন সব কাগজ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ইত্তেফাককে বলেন, আমার দেশ অন্য ছাপাখানা থেকে বের করার চেষ্টা করা হচ্ছে।