দেশের অর্ধেক প্রবীণ উচ্চ রক্তচাপে ভুগছেন

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৫
দেশের অর্ধেক প্রবীণ উচ্চ রক্তচাপে ভুগছেন। এছাড়া অধিকাংশ প্রবীণ গ্যাস্ট্রিক, আমাশয়ের মতো জটিল রোগে ভুগছেন। ডায়াবেটিস, মাথায় যন্ত্রণা, চোখে সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তারা। ২১ শতাংশ প্রবীণ এসব রোগের জন্য এনজিও স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিত্সা গ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে ঢাকা আহ্ছানিয়া মিশন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এবং বাংলাদেশ উইম্যান হেল্থ কোয়ালিশন (বিডব্লিউএইচসি)-এর উদ্যোগে এবং হেল্প এইজ ইন্টারন্যাশনালের ক্যাম্পেইন প্রোগ্রাম, ‘এইজ ডিমান্ডস এ্যাকশন (এডিএ)’-এর সহযোগিতায় সমপ্রতি রাজধানীর ধানমন্ডিস্থ আহ্ছানিয়া মিশন ভবন অডিটোরিয়ামে প্রবীণদের নিয়ে স্বাস্থ্য অধিকার বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপিত সমীক্ষার মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাপী প্রবীণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কর্মরত হেল্প-এইজ ইন্টারন্যাশনাল দেশের ৬টি জেলায় পরিচালনা করে এই সমীক্ষা। সমীক্ষায় আরো জানানো হয়, আর্থিক সমস্যা ও চিকিত্সা কেন্দ্রের দূরত্বের কারণে প্রবীণদের অনেকেই চিকিত্সা নিতে উত্সাহ পান না। সকাল সাড়ে দশটায় প্রবীণদের অংশগ্রহণে শুরু হয় উত্সবমুখর উদ্বোধনী অনুষ্ঠান। এরপর প্রবীণদের সম্পর্কে সংগৃহীত তথ্যের ভিত্তিতে উচ্চ রক্তচাপ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলে অনুষ্ঠান। জাতীয় প্রবীণ ফেডারেশনের সভাপতি, মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ড. আবুল কালাম আজাদ, ডেল্টা মেডিক্যাল কলেজের প্রফেসর ও বয়স্ক কল্যাণ সমিতির সচিব অধ্যাপক ড. আফসানা করিম, ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার (অবঃ) ড. সৈয়দ ফজলে রহিম। সমীক্ষায় প্রবীণদের উচ্চ রক্তচাপ বিষয়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রদত্ত সুপারিশমালা পাঠ করেন ফোরাম ফর দ্য রাইটস অব এলডারলি-এর প্রেসিডেন্ট ড. কে এম রশীদ। দেশের ৭০ শতাংশ প্রবীণ গ্রামে বাস করায় গ্রামীণ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।