আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের রজনীগন্ধা গণসংগঠনের সদস্য মোঃ আঃ রব মিয়ার স্ত্রী মমতাজ বেগম চায়ের দোকান চালিয়ে আজ স্বাবলম্বী হয়েছেন। তার ২ মেয়ে, ১ ছেলে নিয়ে ৫ জনের সংসার ।
দীর্ঘদিন ধরে স্বামী অসুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী। স্বামীর চিকিত্সা ও সংসার চালানো, খুবই অসহায় ছিলেন নুরজাহান। নুরজাহানের বয়স প্রায় ৫০ বছর। তেমন কোন জমি বা সম্পদ না থাকায় অন্যের বাড়ী কাজ করে, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের সাহায্য নিয়ে ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে দিন কাটত নুরজাহানের। স্বামীর চিকিত্সা করানো ছিল অসম্ভব ।
দাতা সংস্থা অক্সফ্যামের সহযোগিতায়, এনএসএস-এর বাস্তবায়নে চলমান রি-কল প্রকল্পের মাধ্যমে গুলিশাখালী গ্রামে গড়ে ওঠে রজনীগন্ধা গণসংগঠন। ঐ সংগঠনের একজন সদস্য নুরজাহান। ক্ষুদ্র ব্যবসা করার জন্য আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য সংগঠনের সভায় নুরজাহানের ব্যাপারে সিদ্ধান্ত হয়। রি-কল প্রকল্প থেকে নুরজাহান অনুদান পান ১২,০০০ টাকা । এই টাকা দিয়ে বাড়ীর সামনে সদ্য গড়ে ওঠা ইটের ভাটার সামনে ছোট একটি চায়ের দোকান দেন। পিঠা তৈরি করে বিক্রি করেন। ইটের ভাটার শ্রমিকরা তার মূল ক্রেতা। সারাদিনে গড়ে ১০০০-১২০০ টাকার জিনিস বিক্রি হয়, এতে তার দৈনিক ৩০০-৩৫০ টাকা লাভ থাকে। এখন আর সে অন্যের উপর নির্ভরশীল নয়, স্বামীর চিকিত্সা করাতে পারছেন, ছেলে-মেয়ে নিয়ে সুখে আছেন তিনি। রি-কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শেখ কবির হোসেন বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি এই প্রকল্পের অন্যতম লক্ষ্য, তাই সমাজের দরিদ্র, অবহেলিত ও অসহায় মানুষের উন্নয়নের জন্য এলাকায় গড়ে তোলা হয়েছে গণসংগঠন যেখানে নেতৃত্ব দিচ্ছে দরিদ্র নারীরা। শুধু ক্ষুদ্র ব্যবসা নয়, প্রকল্প থেকে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা পেয়ে গণসংগঠনের সদস্যরা হাঁস পালন, গাভী পালন, সবজি চাষসহ বিভিন্ন ধরনের আয়বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্ত হচ্ছে ।
