অনন্ত-বর্ষা জুটির নতুন ছবির অডিও প্রকাশ আজ

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৭:১৫
এ সময়ের অন্যতম আলোচিত জুটি এম এ জলিল অনন্ত ও বর্ষার নতুন ছবি ‘নিঃস্বার্থ ভালোবাসা’র অডিও প্রকাশনা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। ‘মোস্ট ওয়েলকাম’ ছবির ব্যাপক সফলতার পর এম এ জলির অনন্তর এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। শুধু তাই নয়, আগামী ১৭ মে এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উত্সবেও প্রদর্শিত হবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক-পরিচালক ও অভিনেতা এম এ জলিল অনন্ত। ছবির ৭টি গান নিয়েই আজকের অডিও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো ‘ঢাকার পোলা’, ‘যমুনার জল’, ‘এ হূদয়’, ‘শোনরে হূদয়হীনা’, ‘সাজনা’, ‘স্বপ্ন স্বপ্ন’ ও ‘ড্যান্স বেবি ময়না’। গানগুলোর কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, জাহিদ আকবর, শওকত আলী ইমন, অনন্ত জলিল, অনন্য মামুন। আজকের অডিও প্রকাশনা প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি সবসময়ই দর্শক চাহিদার উপর বিশ্বাসী। আর সে কারণেই ‘মোস্ট ওয়েলকাম’ পুরো বাংলাদেশে আলোচিত। এবারের ছবিতেও তার কোনো অংশে কমতি রাখব না। বরং দর্শকদের জন্য অনেক উপহার থাকছে ছবিতে ও তার গানগুলোতে। গতানুগতিক গানের চেয়ে একটু আলাদা একেবারে শ্রোতানির্ভর গান করা হয়েছে। আমি আশা করছি পূর্বের মতো এবারও দর্শক-শ্রোতাদের সাড়া পাব।’ উল্লেখ্য, দাম্পত্য জীবনে কলহের বিষয়টি মিডিয়াতে এখন চাউর থাকলেও শোনা যাচ্ছে ‘মোস্ট ওয়েলকাম টু’-এর শুটিং তারা একসঙ্গেই করছেন। খুব শীঘ্রই ছবিটির শুটিংও শুরু হবে। বর্তমানে ‘মোস্ট ওয়েলকাম টু’-এর গান রেকর্ডিংয়ের কাজে এই ছবির একটি টিম ভারতে অবস্থান করছে।