কুষ্টিয়ায় ডাবলু হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

আপডেট : ০৭ মে ২০১৯, ১৬:৩৭

কুষ্টিয়ায় ডাবুল মণ্ডল হত্যা মামলার রায়ে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে কুড়ি হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।  মঙ্গলবার কুষ্টিয়ার দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, জালাল প্রামাণিক, আতর আলী, জামান হোসেন, আসাদুল মোল্লা, রুবেল মালিথা, আসলাম মালিথা ও মেহের আলী মালিথা। আসামিদের বাড়ি মিরপুর উপজেলায়।
 
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৬ জুন জেলার মিরপুর উপজেলার বাসিন্দা ডাবলু মণ্ডলকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়। ২০১১ সালের ১৮ জুলাই পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মিরপুর থানার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। 

আরও পড়ুন: ৪১ কেজিতে ১ মণ

আদালতে যুক্তি-তর্ক ও সাক্ষ্য-প্রমাণে মামলাটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।
 
ইত্তেফাক/অনি