গল্প নয় সত্যি

ডিজিটাল ভবিষ্যতদ্রষ্টা!

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৭:৪৪
বিষয়টা বিশ্বাস করা না করা একান্তই পাঠকের নিজস্ব বিষয়। তবে সবাইকে চমকে দেবার মতো এক আবিস্কারের ঘোষণা দিয়ে সম্প্রতি রীতিমতো আন্তর্জাতিক সংবাদ শিরোনামে পরিণত হয়েছেন ইরানের এক বিজ্ঞানী। আলী রাজেঘি নামের মাত্র ২৭ বছর বয়সী এই বিজ্ঞানী সম্প্রতি দাবী করেছেন যে তিনি এমন একটি যন্ত্র আবিস্কার করেছেন যার মাধ্যমে টাইম মেশিনের মতো সময় পরিভ্রমণ করে ভবিষ্যতে চলে যাওয়া সম্ভব না হলেও ভবিষ্যতকে নিয়ে আসা যাবে বর্তমানের কাছে। আর এর ফলে কোনো একজন ব্যক্তির জীবনে আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে কী ঘটতে চলেছে সেটিও ৯৮ শতাংশ পর্যন্ত নিখুঁতভাবে জানিয়ে দেওয়া যাবে। ‘আরইয়ায়েক’ নামের এই যন্ত্রটি জটিল কিছু অঙ্ক কষে যন্ত্র ব্যবহারকারীর ভবিষ্যত জানিয়ে দিতে সক্ষম হবে বলে দাবী করেছেন আলী রাজেঘি। শুধু তাই নয়, তার এই দাবী যে স্রেফ পাগলামী নয় তা প্রমাণ করতে নিজের এই আবিস্কারের বিস্তারিত জানিয়ে রাজেঘি তার উদ্ভাবনের স্বীকৃতি চেয়ে আবেদন করেছেন ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইনভেনশনস্’-এ। এদিকে এই আবিস্কারের আবেদন নিয়ে অনেক সমালোচনা হতে পারে জেনেও আলী রাজেঘি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি গত দশ বছর ধরে এটা নিয়ে গবেষণা করছি। এটি হয়তো আপনাকে ঠিক ভবিষ্যতে নিয়ে যেতে পারবে না, তবে ভবিষ্যতকে অনেকটাই আপনার কাছে নিয়ে আসতে পারবে। আমার এই আবিস্কারটি হয়তো একটি ছোট্ট পার্সোনাল কম্পিউটারের সমান জায়গাতেই এঁটে যাবে, কিন্তু এর গুরুত্বটা মোটেও ছোট কিছু নয়। বরং এটি এর ব্যবহারকারীর আগামী পাঁচ থেকে আট বছরের জীবন নিয়ে ভবিষদ্বানী করতে পারবে।’ এদিকে আলী রাজেঘির এই দাবী সম্পর্কে বিশ্বের শীর্ষস্থানীয় কোনো বিজ্ঞানীর মন্তব্য বা যন্ত্রটির কর্মপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ইরানের ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইনভেনশনস্’ জানিয়েছে বয়সে নেহাত তরুণ হলেও ইতোমধ্যেই আলী রাজেঘির নাম ১৭৯টি বিষয়ের উদ্ভাবক হিসেবে লিপিবদ্ধ হয়েছে। যদিও ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস্ নিউজ এজেন্সি এই সংবাদটি প্রচার করার কিছুক্ষণ পরই নানা ধরনের প্রতিক্রিয়ার মুখে তা সরিয়ে নেয়।