ঢাকায় পৌঁছানোর পর সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য বুধবার সকালে শহীদ মিনারে রাখা হবে প্রয়াত বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মরদেহ। বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। মঙ্গলবার দুপুরে সস্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এই তথ্য জানান।
তিনি জানান, 'আগামীকাল (বুধবার) সকাল সোয়া ৬টায় শিল্পী সুবীর নন্দীর মরদেহ সিংগাপুর থেকে ঢাকায় এসে পৌঁছাবে। শাহজালাল বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ২৫সি গ্রীন রোডে তার নিজ বাসায়। বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ১১টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।' শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকার রামকৃষ্ণ মিশনে। পরে সবুজবাগের বরদেশ্বরী কালিমন্দির ও শ্বশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
খ্যাতিমান সংগীত শিল্পী সুবীর নন্দী সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে চারটায় মারা যান। তার মেয়ে ফাল্গুনী নন্দী তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 'সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার বাবা ভোর সাড়ে চারটায় মারা যান।' মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে যান।
আরও পড়ুন: রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের পাওনা ১৮ মে থেকে দেওয়ার সুপারিশ
এর আগে গত ১৪ এপ্রিল রাতে স্বপরিবারে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এ সময় তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়েছে। সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুর হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন তিনি।
ইত্তেফাক/জেডএইচডি
