আজ শনিবার চাটমোহর উপজেলায় চড়ক মেলা ও পূজা শুরু হচ্ছে। তিনদিন চলবে এই মেলা। চড়ক পূজা ও মেলা হিন্দুদের মধ্যে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। তবে একটি অপ্রীতিকর ঘটনা নিয়ে নানা শংকাও বিরাজ করছে। বুধবার দিবাগত রাতে চড়ক পূজাকে কেন্দ্র করে এলাকার উচ্চবর্ণ ও নিম্নবর্ণ হিন্দুদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার হিন্দু নেতৃবৃন্দের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চৈত্র সংক্রান্তির আগের দিন মরা বড়াল নদী তীরের বোঁথর গ্রামটি হয়ে ওঠে তীর্থ ক্ষেত্রের কেন্দ্রবিন্দু। সিন্ধু সভ্যতা থেকেই চাটমোহরের চড়ক পূজা ও মেলা চলে আসছে। শুদ্র হিন্দু সম্প্রদায়ের মুক্তির বার্তা নিয়ে মহাদেবের আবির্ভাব হয়। বোঁথর গ্রামের মহাদেব মন্দির চত্বরে শ’শ’ বছর ধরে এই পূজা ও মেলা চলছে। মহাদেব আসনে তোলা হয় ২৮ চৈত্র। নামানো হয় ৭ বৈশেখ। ১৩ জন প্রধান বৃত্তাকে ৬ দিন উপোস থাকতে হয়। প্রায় ১৩ হাত দৈর্ঘ্যের শাল গাছটি চড়ক গাছ নামে পরিচিত। এই গাছে পূজারীরা দুধ, চিনি ও ফুল দিয়ে পূজা দেয়। ছাত্রছাত্রীরা পূজা দেয় ভালো ফলাফলের আশায়, কুমারীরা পূজা দেয় ভালো বর পাবে বলে।
