নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বাবুকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অফিসে না থাকা এবং দায়িত্ব অবহেলার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নিয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পত্র পাঠিয়েছে। সূত্র জানায়, গত ৩০ মার্চ পঞ্চগড় জেলার দেবীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিতে যাওয়ার সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোঃ শহিদ খান ডোমার ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে তিনি অফিসে চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কাউকে পাননি।
বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব চেয়ারম্যানকে কারণ দর্শানো নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে জবাব দাখিল করতে বলেন। কিন্তু চেয়ারম্যানের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতি পত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান বলেন, দুই একদিনের মধ্যে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে যোগাযোগ করা হলে ডোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বাবু তার অব্যাহতির কথা নিশ্চিত করেছেন।
