গত দুই বছরে পাবনা জেলায় ২ হাজার ৩৯৭ জন যক্ষ্মা রোগী সনাক্ত করা হয়েছে । এর মধ্যে মারা গেছে ৬৪ জন। এছাড়া সুস্থ হবার হার শতকরা ৯২ ভাগ। গত বৃহস্পতিবার পাবনায় যক্ষা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় আরও জানানো হয়, যক্ষা রোগ শরীরের যেকোনো জায়গায় হতে পারে। এর মধ্যে শতকরা ৮৫ ভাগ যক্ষা হয় বুকে। আর ১৫ ভাগ হয় শরীরের অন্যান্য স্থানে। সভায় পাবনা বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা. খলিলুর রহমান জানান, যক্ষ্মার মধ্যে এমডিআর সবচেয়ে জটিল। এই ধরনের রোগীকে সুস্থ করে তুলতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়। যার চিকিত্সা এখন বিনামূল্যে পাবনা টিবি হাসপাতাল থেকে দেয়া হচ্ছে। সভায় যক্ষা রোগ নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধি করতে সরকারী, বেসরকারী সংস্থার পাশাপাশি গণমাধ্যম কর্মিদেরও ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
