ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার উপজেলার বারুয়াখালী ও শিকারীপাড়া ইউনিয়নের কুমার বাড়িল্যা, দড়িকান্দি ও পাঞ্জিপ্রহরী গ্রামের শতাধিক নারী-পুরুষ ইছামতি নদীর দু’পারে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এলাকাবাসী জানান, ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে স্থানীয় সুজন, মো. হাবিব, বাবুল, মো. বাচ্চু নামের প্রভাবশালীরা ইছামতি নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। এতে পার্শ্ববর্তী বসতভিটা ভেঙে পড়ছে। স্থানীয় বাসিন্দারা বাঁধা দিলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে যথাযথ কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
