প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তে চাপের মুখে মাহমুদ আব্বাস

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫৬
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদের পদত্যাগ ঠেকাতে পশ্চিমাদের চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু করতে ওয়াশিংটনের চেষ্টার মধ্যে ফায়াদকে পদত্যাগ করা থেকে বিরত রাখার জন্য আব্বাসের ওপর চাপ সৃষ্টি করছে পশ্চিমা মিত্র দেশগুলো। সরকারি নীতি নিয়ে আব্বাসের সঙ্গে বিরোধের জেরে বুধবার পদত্যাগ করার সিদ্ধান্ত নেন ফায়াদ। বৃহস্পতিবারই আব্বাসের কাছে তার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করার কথা। আর জর্ডান সফর শেষে আব্বাসের দেশে ফেরারও কথা রয়েছে এদিনই। কিন্তু ইসরাইল-ফিলিস্তিন আলোচনা নতুন করে শুরুর চেষ্টার এ সময়ে দেশটিতে এ রাজনৈতিক কোন্দলে হতাশা প্রকাশ করেছেন পশ্চিমা কূটনীতিকরা। যদিও ফায়াদের পদত্যাগপত্র আব্বাস গ্রহণ করবেন কি না সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক ইউরোপীয় কূটনীতিক বলেছেন,“অন্তত দুইমাস ফায়াদের পদত্যাগ আটকে রাখার জন্য প্রেসিডেন্টকে চাপ দেয়া হচ্ছে। কারণ, মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া নতুন করে শুরু করানোর মার্কিন প্রচেষ্টা কি ফল বয়ে আনছে তা বোঝা যাবে এ সময়ের মধ্যেই।”