মিশরের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধি নির্বাচনের জন্য সংশোধিত আইন অনুমোদন করেছে পার্লামেন্টের উচ্চকক্ষ। আগামী অক্টোবরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিলটি পর্যালোচনার জন্য দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতে পাঠানো হবে। খবর রয়টার্সের।
সাংবিধানিক আদালতকে ৪৫ দিনের মধ্যে বিলটি পর্যালোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি চলতি মাসেই নির্বাচন তারিখ নির্ধারণ করেছিলেন। কিন্তু সাংবিধানিক আদালত প্রেসিডেন্টের জারিকৃত ডিক্রিটিকে অবৈধ বলে রায় দিলে নির্বাচন স্থগিত করেন মুরসি। পরবর্তীতে আসছে অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন মুরসি। এই নির্বাচনের মাধ্যমেই হোসনি মুবারকের দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের পর মিশরের গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন হবে বলে মনে করছে দেশটির সরকার। তবে বিরোধীদল অভিযোগ করে বলেছে, উচ্চকক্ষ একটি ত্রুটিপূর্ণ আইন পাশ করে বুঝিয়ে দিয়েছে, মুরসি ও তার ইসলামপন্থী মিত্ররা জাতীয় ঐক্য ছাড়াই সামনে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য মিশরের পার্লামেন্টে ইসলামপন্থীদের আধিপত্য রয়েছে। মিশরের বামপন্থী ও উদারপন্থীদের সমন্বয়ে গঠিত সরকারবিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট, নির্বাচনী আইন ইসলামপন্থীদের অনুকূলে এই অভিযোগ করে অবাধ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ জাতীয় সরকার গঠন করা না হলে নির্বাচনের অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল। কিন্তু সংশোধিত নতুন আইনেও নির্বাচনে অংশগ্রহণ করার মতো তাদের কোনো কারণ নেই বলে জানিয়েছে ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট।
