পাকিস্তানে নির্বাচনী সহিংসতায় সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন মুত্তহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) প্রার্থী ফখরুল ইসলাম। এমকিউএম’র এ নেতা সিন্ধু প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, ফখরুল তার নিজ বাড়ির সামনে দুই বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। কয়েকটি বুলেটের আঘাতে তাত্ক্ষণিকভাবে মারা যান তিনি। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে। হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানে নির্বাচন শুরু হচ্ছে ১১ মে। তার আগে এ ঘটনার মধ্য দিয়ে দেশটিতে নির্বাচনী সহিংসতার সূচনা ঘটল বলেই মনে করা হচ্ছে। নির্বাচনে অংশ নিতে দীর্ঘ ৪ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ৪টি আসনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্রও জমা দেন তিনি। এর মধ্যে কাসুর, করাচি ও ইসলামাবাদে তার মনোনয়নপত্র বাতিল হয় এবং একটি আসন চিত্রালে মনোনয়ন পান তিনি। এ মনোনয়ন পাওয়ার পর বুধবার পাঞ্জাবের কাসুরে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুশাররফ নির্বাচনী আদালতে আপিল করেছেন বলে জানা গেছে।
