যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিআইএ উত্তর কোরিয়ার হাতে নিউক্লিয়ার অস্ত্রসজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে বলে জানিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রে নিউক্লিয়ার ওয়ারহেড স্থাপনে উত্তর কোরিয়া সক্ষম হয়েছে বলে তারা বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক সফরে সিউলে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা ওয়াশিংটনে গোয়েন্দা সংস্থাটির এ পর্যালোচনা জনসম্মুখে প্রকাশ করেন। গোয়েন্দা সংস্থাটির এই প্রতিবেদন প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ও দক্ষিণ কোরিয়া এ সম্ভাবনা বাতিল করে দিয়েছে। পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দো সংস্থা ডিআইএ বলেছে, এ ধরনের অস্ত্রের বিষয়টি ধোঁকাও হতে পারে। ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর ভুল তথ্য দেয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ডিআইএ। যুদ্ধের আগে বাগদাদের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে বলে তথ্য দিয়েছিল সংস্থাটি, কিন্তু পরে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পরার এক মাসেরও বেশি আগে ডিআইএ এ প্রতিবেদনটি তৈরি করেছিল।
