ইউক্রেনে এইচআইভি
বিশ্বে বর্তমানে ৩ কোটি ৪০ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা বলেছে ইউরোপের দেশগুলোর মধ্যে ইউক্রেনে এইচআইভি মহামারির আকার ধারণ করেছে। এদিকে অ্যাডভোকেসি গ্রুপ বলছে দেশটির সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও উদাসীনতা এই সমস্যা প্রতিরোধে প্রতিবন্ধকতার কাজ করছে। —বিবিসি
যুক্তরাষ্ট্রে কোরীয়দের উদ্বেগ
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার যে পরিকল্পনা করছে তা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত কোরীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত অনেক কোরীয়দের মধ্যে এ ধরনের উদ্বেগ রয়েছে। এশিয়ার বাইরে কোরীয়দের একটি বৃহত্ অংশ বাস করে এই লস অ্যাঞ্জেলেসে, ফলে ওই জায়গাটি তাদের কাছে স্বদেশের মতোই। —বিবিসি
পেঙ্গুইনের সংখ্যা বৃদ্ধি
অ্যান্টার্কটিকার তাপমাত্রা বৃদ্ধির সুফল বয়ে এনেছে অ্যাডিলি প্রজাতির পেঙ্গুইনদের একটি বসতিতে। প্রযুক্তি খবরভিত্তিক ওয়েবসাইট লাইভসায়েন্স জানিয়েছে, বসতিটিতে ৬০ বছরে পেঙ্গুইনগুলোর সংখ্যা বেড়েছে শতকরা ৮৪ ভাগ। অ্যাডিলি প্রজাতির পেঙ্গুইনগুলো আকারে কিছুটা ছোট। এগুলোর দৈর্ঘ্য সাধারণত ১৮ থেকে ৩০ ইঞ্চি এবং ওজনে ১০ থেকে ১২ পাউন্ড হয়ে থাকে। এদের বসতি রয়েছে নিউজিল্যান্ডের দক্ষিণে রোজ সাগরের বিউফোর্ট দ্বীপে। —বিডি নিউজ
পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের জলাধারে ছিদ্র
জাপানের দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের দাইচি পরমাণু প্রকল্পের ভূগর্ভস্থ একটি জলাধারে নতুন ছিদ্র খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। নতুন এ ছিদ্র দিয়ে ফের তেজস্ক্রিয় পানি বেরিয়ে এসে মাটিতে মিশতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বেরিয়ে আসা এ পানি খুব বেশি নয় এবং তা সাগরে গিয়ে পড়ারও সম্ভাবনা নেই বলে টেপকো আশ্বস্ত করেছে। — রয়টার্স
