পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহর ও ১১ ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে প্রায় ২ শতাধিক লোক আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আক্রান্তের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। ডায়রিয়ায় চিকিত্সা নিতে আসা উপজেলার ভেচকি গ্রামের চান মিয়ার মেয়ে নারগিছ (১৪) জানান, হাসপাতাল থেকে অত্যন্ত নিম্নমানের খাবার স্যালাইন রোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। বিষয়টি সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে খাবার স্যালাইন বাছাই করে ভাল মানের স্যালাইন রোগীদের মাঝে সরবরাহের আশ্বাস দেন। এদিকে গত মঙ্গলবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার রাজপাড়া গ্রামের বাদল হাওলাদারের ছেলে স্বাধীন (৫) নামে এক শিশু মারা গেছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে গত এক সপ্তাহে ১ জনের মৃত্যু ও ১৮৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির কথা স্বীকার করলেও বেসরকারিভাবে এ রোগে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেশি। এদিকে হঠাত্ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পৌর কর্তৃপক্ষ বৃহস্পতিবার মঠবাড়িয়া শহরে মাইকিং করে বিশুদ্ধ পানি পানের নির্দেশসহ হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পচা সয়াবিন তেল এবং বাসি পচা খাবার জব্দ করে নষ্ট করে ফেলেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, প্রচণ্ড গরম ও তাপদাহে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির অভাবে এলাকার লোকজন খাল ও ডোবার নোংরা পানি পান করায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্যালাইনের সংকট থাকায় রোগীদের চিকিত্সা দিতে বেগ পেতে হচ্ছে।
