খাদ্যে বিষক্রিয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অর্ধশত ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় হলের অন্য ছাত্রীরা বিক্ষুদ্ধ হয়ে গত বৃহস্পতিবার রাতে হলের প্রভোস্টকে দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
জানা যায়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হলের প্রভোস্ট ড.একেএম শামসুদ্দিনকে অবরুদ্ধ করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির সুষ্ঠু সমাধান, অসুস্থ ছাত্রীদের চিকিত্সার ব্যবস্থা গ্রহণ ও হল ডাইনিং এর পরিবেশ পরিচ্ছন্ন রাখার আশ্বাস দিলে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীরা অবরুদ্ধ প্রভোস্টকে মুক্ত করে দেয়। এদিকে অসুস্থ ছাত্রীরা হাসপাতাল থেকে হলে ফিরে এসেছে। এ বিষয়ে ওই হলের প্রভোস্ট ড. একেএম শামসুদ্দিন বলেন, হলের অসুস্থ ছাত্রীরা বর্তমানে সবাই সুস্থ ও হলে আছে। ছাত্রীদের অসুস্থ হওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
