খুব বিমর্ষ করে দেয় এসব খবর। যেদিন প্রথম অ্যাটাক হলো সুবীর নন্দীর সেদিন থেকেই নিয়মিত যোগাযোগ হচ্ছে তার পরিবারের সঙ্গে আমার। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবায় তা হলো এ অবস্থায় পরিবারকে সান্ত্বনা দেবার কিছু থাকে না। এই শোক কাটিয়ে উঠার শক্তি দিক তার পরিবারের। মানুষটা ভীষণরকম সংসার ও পরিবারমুখী ছিল। আমি মনে করি সুবীর নন্দী একজন অমর শিল্পী অর্থাৎ তার মত শিল্পী আর জন্ম নিবে কিনা জানি না।
আমার ইত্যাদিতে বরাবরই শুদ্ধ সঙ্গীত ও সাংস্কৃতিক চর্চায় সংশ্লিষ্ট শিল্পীদের অগ্রাধিকার দিয়ে এসেছি। সেদিক দিয়ে ক্রমাগত হাহাকারের জন্ম দিচ্ছে এমন গুণী শিল্পীদের প্রয়াণে। ৭০ দশক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আমাদের উপহার দিয়ে গেছেন অনেক গান। তার কণ্ঠের দ্যুতি শ্রোতাদের মনকে আচ্ছন্ন করতো সুরের মূর্ছনায়। সেই ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত ইত্যাদিতে সুবীর নন্দীর বেশ কটি গান করার সুযোগ আমার হয়েছে।
আরও পড়ুন: এসএসসি পাসের মিষ্টি কিনতে গিয়ে প্রাণ হারালো শিক্ষার্থী
ব্যক্তিগতভাবে এই মানুষটি এতটা নিবিড় ছিলেন যা ভাবলেই হাহাকারটা খুব বেশি করে আসে। সুবীর নন্দীরা তো এদেশে প্রতিবছর, প্রতি দশকে হয় না। আমরা প্রায় কথায় কথায় বলি এই শূন্যস্থান পূরণ হবার নয়। সুবীর নন্দীর ক্ষেত্রে তার মতো শিল্পীর চলে যাওয়া এদেশের সংস্কৃতি জগতে গভীর শূন্যতা তৈরি করে। অসাধারণ ভালো মনের মানুষ ছিলেন তিনি। ইত্যাদির বিভিন্ন পর্ব দেখে তিনি আমাকে ফোন করে তার মতামত জানিয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি।
লেখক পরিচিতি: হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগণকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।
ইত্তেফাক/জেডএইচ
