আল্লামা আহমদ শফী ঘোষিত ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার সিলেটের সিটি পয়েন্টে
হেফাজতে ইসলামের শানে রাসূল (সা:) মহাসমাবেশ বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সমপন্ন হয়েছে।
সমাবেশ সফল করতে শুক্রবার নগরীর বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের ভ্রাম্যমাণ পথসভা, মিছিল বের হয়। আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন সিলেট জেলা হেফাজতে ইসলামের সভাপতি জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে দেশের শীর্ষ স্থানীয় আলেম-ওলামা বক্তব্য রাখবেন। হেফাজতে ইসলাম আহূত মহাসমাবেশ সফল করতে সিলেট নগরীতে খেলাফত মজলিস মহানগরী শাখার উদ্যোগে ব্যাপক প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি ভালোবাসা প্রকাশে দলমত নির্বিশেষে আজকের মহাসমাবেশে যোগ দেয়ার আহবান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা আরিফুল হক ইদ্রিস, হাফিজ কয়েছ আহমদ, মুফতি রশিদ আহমদ, হাফিজ তফাজ্জুল হক, হাজী আব্বাস জালালী, ফাহাদ আমান, রিয়াজ উদ্দিন আল মামুন প্রমুখ।
