নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয় পুলিশ কার্যত অবরুদ্ধ করে রেখেছে। দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু গতকাল শুক্রবার বিকালে সাংবাদিকদের বলেন, গোটা দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে। একটি গণতান্ত্রিক দেশে আমরা ফ্রি মুভমেন্ট করতে পারছি না। দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে ও কার্যালয় থেকে কাউকে বের হতে দিচ্ছে না পুলিশ। এমনকি সাংবাদিকদেরও প্রবেশে বাধা দেয়া হচ্ছে।
শামসুজ্জামান দুদু বলেন, আমাদের চেয়ে সরকার আরো বেশি ভয়ে আছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের একটি মিটিং ছিলো। পুলিশি বাধার কারণে সংগঠনটির সভাপতি এমএ মালেক দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি। পরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে মিটিং করেছেন। সেখানেও পুলিশ ঘিরে রেখেছে। বিএনপি অফিসে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, পুলিশের অবরোধের কারণে তারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদেও যেতে পরেননি।
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পর এবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। কার্যালয় থেকে বের হলেই তাকে গ্রেফতার করা হতে পারে এমন আতঙ্কে রয়েছেন তিনি। তাই গত চার দিন ধরে কার্যালয়েই অবস্থান করছেন তিনি। ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতে গত মঙ্গলবার দলের কার্যালয়ে আসেন শামসুজ্জামান দুদু। এদিন কার্যালয়ে প্রবেশের সময় তাকে ডিবি পুলিশ আটকের চেষ্টা করে ব্যর্থ হয়।
