জামায়াত নেতা ‘অপহরণের’ প্রতিবাদে জয়পুরহাটে আজ আধাবেলা হরতাল

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৭
জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক নজরুল ইসলামকে গত বৃহস্পতিবার রাত ১২টায় জয়পুরহাট শহরের সাহেবপাড়ার নিজ বাসভবন থেকে সাদা পোশাকে প্রশাসনের পরিচয় দিয়ে অপহরণ করা হয়েছেবলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধসহ বিজিবি-পুলিশের সাথে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনায় ম্যাজিস্ট্রেটসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় আজ শনিবার আধাবেলা হরতাল ডেকেছে জামায়াত। জামায়াতের পক্ষ থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টায় জয়পুরহাট পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়—গত বৃহস্পতিবার রাত ১২টায় জয়পুরহাট শহরের সাহেব পাড়ার নিজ বাসভবন থেকে সাদা পোশাকে প্রশাসনের পরিচয় দিয়ে জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক নজরুল ইসলামকে অপহরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়—চার ঘণ্টার মধ্যে নজরুল ইসলামকে উদ্ধারে প্রশাসন ব্যর্থ হলে ওই দিন জেলায় রাজপথ অবরোধ, শনিবার জেলায় অর্ধ দিবস হরতাল এবং ১৪ এপ্রিলের মধ্যে তাকে উদ্ধার বা আইনের হাতে সোপর্দ না করলে ১৫ এপ্রিল থেকে জয়পুরহাট জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধসহ লাগাতার কর্মসূচি দেয়া হবে। জুমার নামাজের পর জামায়াত-শিবির জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে হিচমী পর্যন্ত জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধকরে। অপর দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের তেতুলতলীতে অবরোধ করলে ম্যাজিস্ট্রেটসহ বিজিবি-পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামন আহত হন। এ সময় পুলিশ-বিজিবি ২০ রাউন্ড গুলি ছুঁড়লে জামায়াত-শিবিরের দুই কর্মী আহত হন।